চাঁদপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে কয়েকশ' গাছ। তবে এতে কোনো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান দিয়ে ওই ঘূর্ণিঝড় বয়ে যায়।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার ষাটনল এলাকায় অবস্থিত মালো পাড়ার অর্ধশত বসতঘর, ছেংগারচর পৌর এলাকার কলেজ সুপার মার্কেটের আটটি দোকানসহ বিভিন্ন স্থানের শতাধিক কাঁচা ঘর এবং কয়েকশ' গাছপালা ভেঙ্গে গেছে।
তিনি আরো জানান, বুধবার দুপুরে উপজেলা ও থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১৯ ঘ.
bdnews24