ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে একটি উকিল নোটিস পাঠিয়েছেন তিন ব্যক্তি।
নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ২৭ জুনের হরতাল প্রত্যাহার করা না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন তারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা গত ১৯ মে পল্টনের মহাসমাবেশ থেকে আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
এর বিরুদ্ধে বুধবার নোটিসটি পাঠিয়েছেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের সহসভাপতি এমএম ইসলাম ও চাঁদপুরের শহরাস্তির মাহবুব আলম চৌধুরী।
খালেদার পাশাপাশি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও পুলিশের মহাপরিদর্শককেও এ নোটিস পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম কামাল উদ্দিন মিয়ার স্বাক্ষরে পাঠানো ওই নোটিসে ওই তিন ব্যক্তি নিজেদের 'দেশপ্রেমিক নাগরিক' হিসেবে পরিচয় দেন।
নোটিশে বলা হয়, অতীতে হরতালে অনেক মানুষ জীবন হারিয়েছেন, অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান হরতালের সহিংসতায় ধ্বংস হয়েছে। হরতাল হলে ব্যবসায়ী এবং শান্তিপ্রিয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়বে। হরতালের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের জীবন স্থবির হয়ে পড়বে।
নোটিসে আরো বলা হয়েছে, হরতালকারীদের কর্মকাণ্ডে কোটি কোটি টাকা ক্ষতি হবে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।
নোটিসে রাজনৈতিক দলগুলোর প্রতি অভিযোগ করে বলা হয়, তারা দেশের গরিব মানুষকে সাহায্য করে না। রাজনৈতিক নেতারা সংবিধানের মৌলিক নীতিমালা মেনে চলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24