সাভার, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বুধবার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ ২০ জন আহত হয়েছেন।
আহত সবার পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, সেতারা গ্র"পের প্রায় এক হাজার শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবি আদায়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড় এলাকায় কারখানার পাশে বিক্ষোভ করার জন্য জড়ো হন।
পুলিশ বলছে, শ্রমিকরা 'নাশকতার' পরিকল্পনা করায় তাদের লাঠিপেটা করা হয়। এরপর শ্রমিকদের ইটের আঘাতে আশুলিয়া থানার ওসি আহত হন।
শ্রমিক-পুলিশ সংর্ঘষের পর দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধি, ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতিসহ ১২ দফা দাবিতে সেতারা গ্র"পের প্রায় এক হাজার শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে কারখানার পাশে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলো।
তিনি বলেন, "তাদের ছত্রভঙ্গ করতে হাল্কা লাঠিচার্জ করা হয়। এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়ে। এতে আমি আহত হই।"
পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার কথাও স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৩১ ঘ.
bdnews24