২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'খাদ্য নিরাপত্তার জন্য ক্রয় ক্ষমতা বাড়াতে হবে'

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য ২০১৫ সালের মধ্যে প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার আশা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ জন্য ২০১৫ সালের মধ্যে প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী মনে করছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। অন্যদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছেন। বুধবার সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। উৎপাদিত খাদ্য সবার ক্রয় করার ক্ষমতা থাকলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। সবার খাদ্য ক্রয় ক্ষমতা নিশ্চিত করার জন্য ২০১৫ সালের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সরকার কাজ করছে।" বর্তমান অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ দশমিক ৫ শতাংশ। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে এখনো ৬ কোটি মানুষ দরিদ্র। এ সংখ্যা কমিয়ে আনতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। কৃষিখাতে প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচনের প্রধান শর্ত। তাই কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে বর্তমান সরকার। কোপেনহেগেন চুক্তি অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্বলতা সত্ত্বেও এ চুক্তি গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ তা অনুমোদন করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য। তবুও প্রতিবছরই বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। "আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল জোগাড় করে দিয়েছি। এখন এই প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ও সহায়তা দেওয়ার দায়িত্ব উন্নত দেশগুলোর", বলেন হাসিনা। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, জি-এইট গ্র"পের প্রতিশ্র"ত আর্থিক সহায়তা ও ব্যয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং ব্যয়ের কর্মকৌশল নির্ধারণে খাদ্য মন্ত্রণালয় আয়োজন করেছে এ আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। ফোরামে ছয়টি বিষয়ে আলোচনার জন্য প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ ছয়টি বিষয় হচ্ছে- কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; কৃষি বিপণন, মূল্য স্থিতি এবং বিশ্ব ও আঞ্চলিক বাণিজ্য; মৎস্য ও প্রাণিসম্পদ খাত; আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও সরকারি খাদ্য বিতরণ; খাদ্য ব্যবহার ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার কর্মকৌশল। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, স্বাধীনতার পর গত তিন দশকে বাংলাদেশ খাদ্য উৎপাদন তিনগুণ বাড়িয়েছে। তারপরও গত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যপ্রাপ্তি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। "নিজেদের স্বয়ংসম্পূর্ণ না করে দাতা সংস্থাগুলোর উপর অতিরিক্ত নির্ভর করলে এ অনিশ্চয়তা আর পরনির্ভরশীলতা আরো বাড়বে", বলেন তিনি। খাদ্য নিরাপত্তা অর্জনে এ খাতে বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, স্বল্প বিনিয়োগই খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধান প্রতিবন্ধকতা। তাই অন্যান্য খাত থেকে বরাদ্দ কমিয়ে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, ২০০৯ সালে ইতালির লাকুইলায় অনুষ্ঠিত জি-এইট শীর্ষ সম্মেলনে বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য দুশ কোটি ডলারের তহবিল গঠন করা হয়। এছাড়া গত বছর অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে কৃষির উন্নয়নে অতিরিক্ত ২ হাজার ২শ' কোটি ডলার ব্যয়ের অঙ্গীকার করা হয়েছে। মন্ত্রী আরো জানান, জি-এইট গ্র"পের অন্যতম সদস্য দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে খাদ্য নিরাপত্তার মডেল হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৫০টি দেশ এসব তহবিল থেকে আর্থিক সহায়তা পাবে। আগামী জুনে কানাডায় জি-এইট সম্মেলনে এবং জুলাইয়ে ফিলিপাইনে এশিয়া ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.