মাদারীপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র আহত হয়েছে। এ ঘটনায় তার সহপাঠিরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
এ সময় তারা দুটি বাস ভাংচুর করে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক (১৬) বাইসাকেলে করে কলেজে আসার পথে পৌরসভার কেরানীবাট পুরাতন জেলাখানার মোড়ে দুর্ঘটনার শিকার হন বলে শিক্ষার্থীরা জানান।
আহত ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি উপজেলার দ্বিতীয়খণ্ড গ্রামে।
শিবচর থানার ওসি মো. আব্দুল জলিল জানান, রাস্তা পার হওয়ার সময় কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা মাদারীপুগামী একটি লোকাল বাস ফারুককে ধাক্কা দেয়।
খবর পেয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে আসে এবং অভ্যন্তরীণ রুটের দুটি বাস ভাংচুর করে। তারা দুপুর ১টা পর্যন্ত কাওড়াকান্দি-শিবচর-মাদারীপুর সড়ক অবরোধ করে রাখে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৫০ ঘ.
bdnews24