২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি কম্পিউটার সায়েন্স বিভাগে তালা

সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি না মানায় বিভাগে তালা মেরে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 11:09 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি না মানায় বিভাগে তালা মেরে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার এ ঘটনার পর এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বলেছে, অবিলম্বে এ 'বাণিজ্যিক' কোর্স বন্ধ না করলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হবে। শনিবার থেকে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে অনুষদের ডিনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে তারা। কিন্তু সোমবার কর্তৃপক্ষ পত্রিকায় কোর্স শুরুর বিজ্ঞাপন দিলে শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করে। মঙ্গলবার সকালে বিভাগে এসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা বিভাগে তালা মেরে দেয়। দুপুর ১টার দিকে বিভাগ কর্তৃপক্ষ তালা ভেঙে ফেলে। মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসে। তিন ঘন্টা স্থায়ী বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। আলোচনা থেকে বেরিয়ে শিক্ষার্থীরা আন্দোলন আব্যহত রাখার ঘোষণা দেয়। বিভাগের চেয়ারম্যান ড. সুরাইয়া পারভীন সাংবাদিকদের বলেন, "শিক্ষার্থীদের সান্ধ্যকালীন মাস্টার্স বন্ধ করার অনড় দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়।" তবে ভর্তি ফরম বিক্রি অব্যাহত থাকবে কিনা তা নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২৩৫৮ ঘ.