২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিন পর শ্রমিককে ফেরত বিএসএফের

ধরে নিয়ে যাওয়ার ১০ দিন পর মৌলভীবাজারের এক চা শ্রমিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

মৌলভীবাজার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধরে নিয়ে যাওয়ার ১০ দিন পর মৌলভীবাজারের এক চা শ্রমিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ১৪ মে বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বাঘিছড়া সীমান্ত এলাকা থেকে মহাবীর বীনকে (৫২) ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। পরে তাকে অনুপ্রবেশের দায়ে কারাগারে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় ছাড়া পাওয়ার পর মহাবীরকে বাঘিছড়া সীমান্ত দিয়ে ফেরত পাঠায় বিএসএফ। মঙ্গলবার মহাবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা বাগানের বাঘিছড়া প্লান্টেশন এলাকায় কাজ করার সময় নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর কারাগারে এ কয়েকদিন তিনি বন্দি ছিলেন। শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর ফিদা এ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে ছাড়িয়ে আনতে বিডিআর একাধিকবার বিএসএফ'র সঙ্গে যোগযোগ করে। তিনি বলেন, চা শ্রমিকরা অসচেতন বলে সীমান্তের নো-ম্যানস ল্যান্ড সম্পর্কে ধারণা নেই। প্রায়ই ভুল করে ভারতীয় অংশে প্রবেশ করেন তারা। তখনই এই ধরনের সমস্যা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.