২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

৪০ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

রাজশাহী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪০ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা। কর্তৃপক্ষ এবং রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে তারা কাজে যোগ দেয়। রোগীর অভিভাবকের হাতে একজন শিক্ষানবীশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গত রোববার রাত ১২টা থেকে তারা চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি শাহ্ আলম সিদ্দিকী লালন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সিটি মেয়রের সঙ্গে পরিষদ নেতাদের বৈঠক হয়। "মেয়র এবং মেডিকেল কর্তৃপক্ষ আমাদের তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়ায় মঙ্গলবার ১২টার কিছু পরে আমরা কাজে যোগ দিই", বলেন তিনি। তিন দফা আদায় হলে পরিচালকের পদত্যাগের বিষয়টি তারা ছাড় দেবেন বলে জানান। চিকিৎসকদের তিন দফা দাবিগুলো হলো- হাসপাতালে নিরাপত্তা জোরদার, মারধরের বিচার ও মারধরের পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করা। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. মো. দায়েম উদ্দিন জানান, কর্তৃপক্ষ তাদের তিন দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটি ঘটনার তদন্ত করেছে বলেও জানান তিনি। রোববার রাতে হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি শাহ্ আলম সিদ্দিকী লালনকে এক রোগীর অভিভাবক মারধর করে। পরে রুবেল নামের ওই অভিভাবককেও মারধর করা হয় এবং চিকিৎসকদের দাবির মুখে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে হাসপাতালের ডক্টর'স ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষানবীশ চিকিৎসকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৪৭ ঘ.