খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলার এক বছর পরও খোলা আকাশের নিচে দুর্গন্ধ ও নোনা পানির সঙ্গে যুদ্ধ করে দিন কাটাচ্ছে খুলনার দাকোপ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।
ঘুর্ণিঝড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণ না হওয়ায় দুর্গতি একটুও কমেনি আক্রান্ত কামারখোলা, সুতারখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের।
ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে ঢোকা নোনা পানিতে এখনো ডুবে রয়েছে এসব এলাকা। জমে থাকা পানির দুর্গন্ধ সহ্য করেই বেড়িবাঁধের টিকে থাকা অংশের উপর ছাপড়া তোলা ঘরে দিন কাটাতে হচ্ছে।
জলাবদ্ধতার কারণে ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। এখনো বন্ধ হয়েছে বেশ কিছু প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ। অনেক জোড়াতালি দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের।
পুকুর ও মাছের ঘেরগুলোর সব মাছ পানিতে ভেসে গেছে। মারা গেছে বিপুল সংখ্যক গবাদি পশু-পাখি।
আগামী বর্ষাকালের আগেই বেড়িবাঁধ নির্মাণ করার জোর দাবি জানালেও আশাবাদী হতে পারছেন এলাকার বাসিন্দারা। কবে নিজেদের বাড়ি ফিরতে পারবেন কেউ জানে না তারা।
এমনই বাস্তবতায় ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার এক বছর পূর্ণ হলো মঙ্গলবার। এক বছর পূর্তি উপলক্ষে সোমবার ও মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
আইলা দুর্গত কামারখোলা ইউনিয়নের জালিয়াখালী গ্রামের হরেন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২৫ মে আইলার জলোচ্ছ্বাসে ঘরবাড়ী, সহায়-সম্বল হারিয়ে এক বছর ধরে খোলা আকাশের নিচে কোনো রকমে কাটাচ্ছি। কোনো রকমে একটা ঝুপড়ি তুলে পঁচা দুর্গন্ধ ও লবণাক্ত পানির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ এক বছর অতিক্রন্ত হলেও পানি উন্নয়ন বোর্ড এখনো বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ করতে না পারায় চারিদিকে পানি আর পানি। পানি না নামায় এলাকাবাসীরা কেউই ঘরে ফিরতে পারছে না।
হরেন্দ্রনাথ অভিযোগ করেন, আইলার পরবর্তী সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-সদস্যরা সরকারি ও বেসরকারিভাবে দেওয়া ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণের অর্থসহ ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত অর্থ ভুয়া শ্রমিকের মাধ্যমে উঠিয়ে মোটা অংকের অর্থ সরিয়ে ফেলেছেন।
তিনি বলেন, তারাই আসলে আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ হোক তা চায় না। তারা দুর্গত এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা জানে বিধ্বস্ত বেড়ীবাঁধ নির্মান হলে এলাকায় ত্রান তৎপরতা বন্ধ হয়ে যাবে।
সুতারখালী ইউনিয়নের বাসিন্দা আফসার গাজী বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ সম্পর্কে অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইলার পরবর্তী সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণে কালক্ষেপণ করে। এছাড়া অনভিজ্ঞ ঠিকাদার দ্বারা বিধ্বস্ত বেড়িবাঁধ ও ক্লোজার নির্মাণ করানোর ফলে ওইসব ঠিকাদাররা অধিক মুনাফা লাভের জন্য পাউবো'র নিয়মনীতি উপেক্ষা করে যত্রতত্র নকশাবিহীনভাবে বেড়িবাঁধ ও ক্লোজার নির্মাণ করায় তা বারবার ভেঙ্গে যাচ্ছে।
পাউবো'র উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইলায় উপজেলার ৩১, ৩২ ও ৩৩ নং পোল্ডারের ২৭ কিলোমিটার বেড়িবাঁধ রাস্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। আরো ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দাকোপ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সেলিম খান জানান, আইলার আঘাতে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৯ হাজার ৮৩২টি পরিবার ক্ষতিগ্রস্ত হন। আইলা পরবর্তী সময় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কামারখোলা, সুতারখালী ইউনিয়নবাসীর মধ্যে শাড়ি, লুঙ্গি, জেরিকেন, তাবু, চাল, চিড়া, গুড় এবং জি.আর'র ৯০ লাখ ২০ হাজার টাকা এবং গৃহনির্মাণের জন্য ২কোটি ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।
তিনি জানান, কামারখোলা-সুতারখালী ইউনিয়নে সরকারি সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার ৫ শ' পরিবারকে ২০ কেজি হারে ২১ মেট্রিকটন ভি.জি.এফ'র চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আইলার আঘাতে বিশেষ করে কামারখোলা, সুতারখালী ও তিলডাঙ্গা ইউনিয়নে ৪ হাজার ৫শ' হেক্টর জমিতে নদীর লবণাক্ত পানি ঢুকে এবং এখনও পর্যন্ত ওই এলাকায় পানি মুক্ত না হওয়ায় কৃষকেরা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। গত বছর তারা আবাদী জমিতে কোন ফসল ফলাতে না পারায় ৪ কোটি ২৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, আইলার আঘাতে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় তিন হাজার ৬টি পুকুর ও ১ হাজার ৯১৪টি মৎস্য ঘেরের সাদা মাছসহ বাগদা, গলদা চিংড়ি ভেসে গিয়েছে। এতে ২৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৬ শ' টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকাবাসী।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধরী জানান, দুর্গত এলাকায় ১৪৪টি গরু, ২২৬টি ছাগল, ৪৩টি ভেড়া, ১১ হাজার ৩৬৩টি মুরগী, ১৮৩টি হাঁসসহ বিভিন্ন খামার প্রায় ৫০ লাখ ৭৩ হাজার ৮শ' ৬০ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।
উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনার কান্তি বিশ্বাস জানান, আইলায় ১১৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন থাকায় ওই সব প্রতিষ্ঠান কোনটি বেড়িবাঁধের উপর, আবার কোথাও কোথাও সাইক্লোন সেন্টারে পাঠদান চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫২ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রনালয়ে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিু মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ মিলিয়ে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইলার আঘাতে ৫টি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে এবং ১৩টি মাধ্যমিক বিদ্যালয় আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
২টি কলেজ আংশিক এবং দুইটি মাদ্রাসা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষের কাছে এগুলোর জন্য ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকবর হোসেন বলেন, আইলার পরবর্তী সময় মেডিকেল টিম গঠন করে দুর্গত কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানি বাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের আমরা সেবা দিয়ে আসছে। তবে জনসংখ্যার তুলনায় ওষুধ সরবরাহ অপ্রতুল ও জনবল সঙ্কট থাকায় আমরা ঠিকমত সেবা কার্যক্রম পরিচালনা করতে পারিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান জানান, আইলার পরবর্তী সময় এলাকার বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণসহ অসহায় বানভাসিদের সহায়তায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রাথমিকভাবে দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া ঘূর্ণিঝড়ে তিন জন এবং এর পরবর্তী সময়ে ১৩ জন মারা গেলে নিহতদের পরিবারগুলোকে মাথা প্রতি ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এখানে মাত্র ২৩ টি সাইক্লোন সেন্টার রয়েছে। প্রয়োজনের তুলনায় এগুলো খুবই অপ্রতুল।
দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন জানান, আইলার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত দুর্গত এলাকার অসহায় মানুষকে রক্ষার্থে ও বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ করে তাদেরকে দ্রুত ঘরে ফেরানোর লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে চলেছি।
তিনি বলেন, যদি বর্ষা মৌসুমের আগেই পাউবো বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হয়, তাহলে দূর্গত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে। দুর্গত এলাকার বেড়িবাঁধ দ্রুত নির্মাণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাউবো'র প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, এসব বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত ওই অর্থ দিয়ে দুর্গত এলাকার ক্লোজার ও বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলি কাজ করছে।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সব বেড়িবাঁধ নির্মাণ করে দুর্গত এলাকাবাসীকে পানিমুক্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24