চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম মঞ্জুর আলমের মা মোস্তফা খাতুন (৮২) মারা গেছেন।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর উত্তর কাট্টলীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মঞ্জুর আলমের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম।
মোস্তফা খাতুন দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মঞ্জুরের মায়ের মৃত্যুর পর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কাট্টলীর বাসায় ভিড় জমান।
সেখানে যান আসন্ন নির্বাচনে মঞ্জুরের প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিনও। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
নিহতের নামাজে জানাজা সোমবার দুপুর ২টায় উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজায় মহিউদ্দিন চৌধুরীরও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৩৪২ ঘ.
bdnews24