২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা, অধিক তদন্তের সময় আবার বাড়লো

চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরো ৬২ দিন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরো ৬২ দিন বেড়েছে। তদন্ত শেষ না হওয়ায় এবং সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে আলোচিত এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় অষ্টম বারের মতো বাড়ানো হলো। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী অধিকতর তদন্তের জন্য ৯০ দিন সময় আবেদন করেন। শুনানি শেষে রোববার দুপুরে মহনগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ ৬২ দিন মঞ্জুর করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি মো. কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, শুনানি শেষে আদালত আগামী ২৫ জুলাই পর্যন্ত অধিকতর তদন্তের মেয়াদ বাড়িয়েছে। এই আদালত সর্বশেষ গত ২২ মার্চ সিআইডির ৯০ দিন সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সপ্তম বারের মতো ২৩ মে পর্যন্ত ৬০ দিন সময় বাড়িয়েছিলো। এর আগে গত ৪ জানুয়ারি এ মামলা ষষ্ঠ দফায় অধিকতর তদন্তের জন্য ৭৬ দিনের সময় বাড়ানো হয়েছিলো। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র চালান আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪৫৮ ঘ.