২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি যৌন হয়রানি: তদন্তের সময় বাড়ানোর আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষিকার যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ তদন্তের নির্ধারিত সময় শনিবার শেষ হয়েছে। এ কারণে তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 06:44 PM

Updated : 25 Aug 2022, 10:49 AM

জাবি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষিকার যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ তদন্তের নির্ধারিত সময় শনিবার শেষ হয়েছে। এ কারণে তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত সাত সদস্যের এই কমিটির ২৮ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। এ ব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশীদা বেগম বলেন, "আমরা হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় বাড়ানোর আবেদন করেছি।" গত ১ ও ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষিকা ওই বিভাগের শিক্ষক ড. আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ আনেন। পরে তিনি লিখিতভাবে বিষয়টি উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কাফীর বিচার দাবি করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশনা মোতাবক গঠিত যৌন নিপীড়ন বিরোধী সেলেও অভিযোগ করেন। অভিযোগকারী শিক্ষিকা জানান, গত ৩ ও ১০ মে তিনি দু'দফা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন। গত ৪ ও ৫ মে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট এবং প্রগতিশীল ছাত্রজোট এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর বিচারের দাবিতে অমর একুশে'র পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জাবি প্রশাসন তদন্তকে প্রভাবিত করছে দাবি করা হয়। অভিযোগকারী শিক্ষিকা বলেন, "অবিযুক্ত শিক্ষক অনেক ক্ষমতাশালী হওয়ায় তদন্ত কাজকে প্রশাসন প্রভাবিত করে থাকতে পারে। তবে আমার কাছে কোনো প্রমাণ না থাকায় আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।" উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যথোপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো শৈথিল্য বা বাধা সহ্য করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.