কুষ্টিয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলার চরগোপালপুর নামক স্থানে শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় রেনেটা ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।
নিহতের নাম আবুল বাশার (৩২)। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম এলাকায়।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওষুধ সরবরাহের উদ্দেশ্যে মোটর সাইকেল চালিয়ে আবুল বাশার পান্টি যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-পান্টি সড়কের চরগোপালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাশার নিহত হন বলে ওসি জানান।
লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24