২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটে পরাস্ত পুলিশ, পালালো আসামি

আসামি ধরার পরও তাকে থানায় আনতে পারেনি পুলিশ। আসামির সহযোগীদের ইট ছোড়ার কারণে তাকে ছেড়ে দিয়ে ফিরতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 10:51 AM

মৌলভীবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি ধরার পরও তাকে থানায় আনতে পারেনি পুলিশ। আসামির সহযোগীদের ইট ছোড়ার কারণে তাকে ছেড়ে দিয়ে ফিরতে হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার ইমামবাজার এলাকায়। ঘটনার পর সদর থানার ওসি অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের বলেছেন, পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন বলে তিনি জানান। ইমামবাজার সংলগ্ন বাইনকা গ্রামে 'কাদেরিয়া মৎস্য খামার' এর ট্রাকচালক সিরাজ মিয়া তার গাড়ি ভাংচুরের অভিযোগে গত ১৩ মে মৌলভীবাজার সদর মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেন। এক আসামি আনছার মিয়াকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামি সুরুজ মিয়াকে ধরতে সিরাজকে নিয়ে ইমামবাজারে যায় পুলিশ। থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, "বাজারের একটি দোকান থেকে সুরুজকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় এবং ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা আসামি ছিনিয়ে নিয়ে যায়।" আহতরা হলেন- সদর মডেল থানার পুলিশ কনস্টেবল ওবায়দুল হক (২৫) ও মামলার বাদি সিরাজ মিয়া (৩৫)। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮১৮ ঘ.