২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 10:51 AM

রাজশাহী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কলাবাগান এলাকায় শুক্রবার রাতে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম শাপলা বেগম (৩৫)। তার বাবার বাড়িও কলাবাগান এলাকায়। পুলিশ জানিয়েছে, শাহিনুর ইসলাম ও তার মা শামসুন নাহার শুক্রবার রাতে শাপলার গায়ে আগুন দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাপলার মা রোকেয়া বেগম তার স্বামী শাহীনুর, শাশুড়ি শামসুন নাহার ও দেবর সোহেলকে আসামি করে মামলা করেছেন। শাপলার মা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শাহীনুর যৌতুকের দাবিতে প্রায়ই শাপলাকে নির্যাতন করতো। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহীনুর ও তার মা শামসুন নাহার শাপলাকে মারধর করে গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়ির অন্য সদস্যরা আগুনে পোড়ানোর আলামত মুছে ফেলতে তাকে বাথরুমে নিয়ে শরীরে পানি ঢেলে দেয়। এক পর্যায়ে শাপলা জ্ঞান হারিয়ে ফেলে। তিনি বলেন, খবর পেয়ে শাপলাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। রোকেয়া জানান, রাজশাহী জিপিও'র পোস্টাল অপারেটর শাহীনুরের সঙ্গে ২০ বছর আগে শাপলার বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন জানান, ঘটনার পর শুক্রবার রাতেই হাসপাতাল থেকে শাহীনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শাপলার শাশুড়ি ও দেবরসহ অন্যরা পলাতক আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫১৭ ঘ.