ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও রাশিয়া তেল-গ্যাসসহ প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে একমত হয়েছে।
শুক্রবার মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তার রুশ প্রতিপক্ষ সেরগেই লাভরভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
পাবনার রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে শুক্রবার মস্কোতে একটি কাঠামো চুক্তি সই হয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
রাশিয়ার পক্ষে সেদেশের রাষ্ট্রীয় পারমাণু শক্তি কর্পোরেশন 'রোসাটম'-এর প্রধান সের্গেই কিরিয়েনকো চুক্তিতে সাক্ষর করেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "দুই পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ঐতিহ্যগত সহযোগিতা জোরদারে একমত হয়েছেন।"
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত রাশিয়া সফরের আগে সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা নিয়ে আলোচনার ভিত্তি রচনার উদ্দেশ্যে দীপু মনি রাশিয়া সফরে গেছেন। এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি নাগাদ শেখ হাসিনার রাশিয়া সফরের সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, দুই মন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধান এবং এই খাতের উন্নয়নে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই এবং একটি সমঝোতা স্মারক সম্পাদনের জন্য রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাজপ্রমের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
১৯৭০ এর দশকের গোড়ার দিকে বাংলাদেশের প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণে রুশ বিশেষজ্ঞরা সাহায্য করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/ডিডি/এইচএ/২৩৪৪ ঘ.
bdnews24