২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমা মেরে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্বৃত্তরা বোমা মেরে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে খুন করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 10:46 AM

মেহেরপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্বৃত্তরা বোমা মেরে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে খুন করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুর শহরের কাছাকাছি একটি এলাকা থেকে চারটি হাতে তৈরি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর জেলার ধর্মগাহ গ্রামের গরু ব্যবসায়ী কবিরুল ইসলাম (৪৫) পাশের গাংনী উপজেলার কাজীপুরের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে বোমা হামলার শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী শাহানাজ পারভীন ১৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। এরপর পুলিশ আলাউদ্দিন নামে কাজীপুরে গ্রমের একজনকে গ্রেপ্তার করে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কাজীপুর সেতুর ওপর দুর্বৃত্তরা কবিরুলকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, মামলায় তার স্ত্রী অভিযোগ করেছেন কিছুদিন আগে সন্ত্রাসীরা তার স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। ওসি জানান, আটক আলাউদ্দিন ১৯৯০ সালে ধর্মদাহ বর্ডার পাড়ার কাদের হত্যা মামলায় ১১ বছর কারাভোগ করেছেন। কবিরুল হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিহাদ হোসেন জানান, শহরের উপকন্ঠে চকশেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি কলা বাগানে তল্লাশি চালানো হয়। এ অভিযানে চারটি শক্তিশালী বোমা উদ্ধার হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অস্ত্রসহ 'চরমপন্থী' গ্রেপ্তার শুক্রবার দুপুরে গাংনী উপজেলার বামুন্দী বাজার থেকে পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার শামীম (২৬) গোপন সংগঠন পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহের অঞ্চলের কমান্ডার। তার গ্রামের বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে। গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, বামুন্দী পুলিশ ক্যাম্পের টহলদল একটি বিয়ের অনুষ্ঠানের মইক্রোবাস তল্লাশি করে তাকে আটক করে। বরযাত্রী হয়ে তিনি উপজেলার তেঁতুলবাড়িয়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পুলিশ মাইক্রোবাস থামালে শামীম পালানোর চেষ্টা করেন। তাকে আটকের পর দেহ তল্লাশি করে ছয় রাউন্ড গুলি ও একটি পিস্তল পাওয়া যায়। তার বিরুদ্ধে গাংনী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর থানায় একাধিক মামলা আছে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০২৭ ঘ.