মাগুরা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শালিখা উপজেলায় শুক্রবার দু'দল গ্রামবাসীর সংঘর্ঘে অন্তত ৩০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে পাঁচটি বাড়ি।
পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শালিখা থানার ওসি মীর ফসিয়ার রহমান বলেন, উপজেলার গজদূর্বা গ্রামের রাজ্জাক মোল্লা ও দাউদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
দুপুরে গ্রামের একটি রাস্তা বন্ধ করা নিয়ে এই দু'জনের সমর্থকদের মধ্যে সংঘর্ঘে বাধে। উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় রাজ্জাক মোল্লার একটিসহ পাঁচটি বাড়ি ভাংচুর হয়েছে।
সংঘর্ঘ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে জিন্নাত মণ্ডল, সাইফুল, আওয়াল কাজী, নূর ইসলাম, কামরুল শেখ, কামাল শেখ, মুদ্দাসের মণ্ডল, জাহিদুল ও তারিকুল শেখকে আটক করেছে।
সংঘর্ষে আহতরা হলেন- মঞ্জুর হোসেন (২২), কামাল হোসেন (৩২), ইসলাম শেখ (৩৫), মুছা বেগম (৩৫), রাসুল মোল্লা (৩২), সোনাউল্লা (৩৫), রমজান উল্লা (৪৫), মাখন মোল্লা (৫৪), নান্নু মোল্লা (৪৫), জাফর মোল্লা (৪০), মাজেদা খাতুন (৩০), রহিমা বেগম (৪০), আব্দুর রশিদ (৪৫) ও ইমন হোসেন (১৭)।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24