কুষ্টিয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার মোহিনী মিলটি দুই দশক বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেসার্স শাহ মখদুম টেক্সটাইল মিলস।
শুক্রবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে এর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন।
দি পিলস ডেভেলপমেন্ট সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (পিডিএসসিএল) সরকারের কাছ থেকে ইজারা নিয়ে মিলটি চালু করে।
মিলের চেয়ারম্যান জয়নাল আবেদীন নতুন করে বস্ত্রকলটির নামকরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯০৮ সালে মোহিনী মোহন চক্রবর্তী কুষ্টিয়া শহরের মিলপাড়ায় ৩৩ একর জায়গার উপর এই কারখানাটি স্থাপন করেন।
স্বাধীনতার পর কাপড়ের কলটি জাতীয়করণ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণে দেওয়া হয়। ১৯৮২ সালে কারখানাটি বন্ধ হয়ে যায়। তিন বছর পর আবার চালু হলেও লোকসানের কারণে ১৯৯০ সালের ১৫ আগস্ট চালু হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কারখানাটি আবারো চালু করার উদ্যোগ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মখদুম টেক্সটাইল মিলস'র চেয়ারম্যান জয়নাল আবেদীন, পিডিএসসিএল চেয়ারম্যান আব্দুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দিন খান।
পরে অতিথিরা মিলের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24