২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানানো হয়। বুলেটিনে বলা হয়, লায়লা বর্তমানে ভারতের উত্তরপূর্ব অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকায় (বাপাটলা এর কাছাকাছি) অবস্থান করছে। এটি আরো উত্তর বা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২৩২১ ঘ.