মুন্সিগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুটি বিদ্যালয়ের সামনে মেয়েদের উত্ত্যক্ত করার সময় ৬ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্যক্ত করার সময় গ্রেপ্তার করা হয় চার যুবককে। তারা হলো উত্তরমান্দ্রা গ্রামের মো. আইউব আলী মাতব্বরের ছেলে মো. জহিরুল ইসলাম, পুর্ব কামারগাও গ্রামের ফজল গাজীর ছেলে পুত্র মোঃ মোশারফ হোসেন, আ. মান্নান হাওলাদারের ছেলে মো. পারভেজ হাওলাদার এবং দক্ষিণ বালাশুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মাহাবুব হোসেন।
একই উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় আল আমিন বাজারের আওলাদ হোসেনের ছেলে মো. আতিকুল ইসলাম ও মধ্য কামারগাও গ্রামের পিয়ার হোসেনের ছেলে মো. পিয়াল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রকাশ্যে কানে ধরিয়ে তাদের উঠবস করানো হয়।
র্যাবের এএসপি মিলন মাহমুদ জানান, র্যাবের স্পেশালাইজড কোম্পানি মুন্সীগঞ্জ ক্যাম্পের সাদা পোশাকের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তার যুবকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১২ ঘ.
bdnews24