রাঙামাটি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শান্তিচুক্তি হওয়ার পর এ পর্যন্ত সব সরকারই পাহাড়ের আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের (সিএইচটিআরসি) চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু)।
তিনি মনে করেন, শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে এখনো রক্ত ঝরছে।
বৃহস্পতিবার রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৫তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু এ কথা বলেন।
তিনি বলেন, "পার্বত্য চট্রগ্রামের আদিবাসীরা এখনো নিরাপত্তাহীন ও অস্থির জীবন কাটাচ্ছে। একদিকে ইউপিডিএফের সন্ত্রাস অন্যদিকে সরকারি দলের নানামুখী ষড়যন্ত্র পার্বত্য চট্রগ্রামের পরিস্থিতিকে অস্থির করে তুলছে।"
এসব ষড়যন্ত্র বন্ধ না হলে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে সন্তু হুঁশিয়ার করে দেন।
পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রমকে 'ষড়যন্ত্রমূলক' আখ্যা দিয়ে তিনি বলেন, "পার্বত্য চুক্তি যাতে বাস্তবায়ন হতে না পারে এবং তা যাতে হারিয়ে যায় তার জন্য সব সরকার একই ভূমিকা পালন করছেন।"
এতে করে ভূমি বিরোধ নিরসনের পরিবর্তে জটিলতা আরো বাড়বে বলে মনে করেন সন্তু।
তিনি অভিযোগ করেন, ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম আইন অনুযায়ী কাজ না করে রাজনীতি শুরু করে দিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান জনসংহতি সমিতির প্রধান।
পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উদয়ন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মোহাম্মদ সালাহউদ্দীন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কে এস মং মার্মা, উত্তরবঙ্গ আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সিং, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ উজ্বল, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রমুখ।
স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘ দুই দর্শক সশস্ত্র সংগ্রামের পর ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তিচুক্তির মধ্য দিয়ে অস্ত্র সমর্পণ করে পাহাড়ি সংগঠন শান্তি বাহিনী। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে তারা রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়। তবে একটি অংশ শান্তিচুক্তির বিরোধিতা করে গঠন করে ইউপিডিএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১২ ঘ.
bdnews24