ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী থেকে মুন্সীগঞ্জের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিএনপি বলছে, ওই ব্যক্তি পল্টনের জনসভায় যাওয়ার সময় সরকার সমর্থকদের হামলার শিকার।
নিহতের নাম মো. আকবর হোসেন (৩৫)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সদরঘাটের ১০ নম্বর পন্টুনের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
বিএনপি নেতাদের দাবি, বুধবার খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে মুন্সীগঞ্জ থেকে লঞ্চে করে এসে সদরঘাটে নামার পর সরকার সমর্থক শ্রমিক লীগের হামলায় আকবর নিহত হন।
আকবরের লাশ সনাক্ত করে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, মুন্সীগঞ্জ থেকে আসা তাদের আরো দুই কর্মী নিখোঁজ রয়েছেন।
বুধবার সদরঘাটে শ্রমিক লীগের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের কথা পুলিশ স্বীকার করেছে।
সদরঘাট ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, সমাবেশের দিন বিএনপিকর্মীরা লঞ্চ থেকে নামার সময় শ্রমিক লীগের একদল কর্মীর সঙ্গে 'ছোট্ট' একটি সংঘর্ষের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকবরের কপালের বাম পাশে একটি ক্ষতচিহ্ন রয়েছে।
তবে ক্ষতটি অস্ত্রের আঘাত, না দুর্ঘটনাজনিত, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
আকবরের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে নেওয়ার পর বিকালে সেখানে যান ঢাকার মেয়র এবং বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, "সদরঘাটের লাল বাহিনী (শ্রমিক লীগ) এ কর্মীদের হত্যা করে নদীতে ফেলে দেয়। সরকার যদি অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে দল থেকেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এর উপযুক্ত জবাব দেবে।"
যুবদল নেতা মনির বলেন, "পল্টনের সমাবেশে যোগ দিতে লঞ্চে করে আমরা সদরঘাট পৌঁছলে লঞ্চ ভেড়াতে বাধা দেওয়া হয়।"
জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বোগদাদিয়া-৮ নামের ওই লঞ্চটিতে বিএনপির ১২০০-১৫০০ জন নেতা-কর্মী-সমর্থক ছিলো বলে জানান তিনি।
মনির বলেন, "আমরা অনেকটা জোর করেই লঞ্চ ভেড়াই। টার্মিনাল পার হওয়ার সময় শ্রমিক লীগের সন্ত্রাসীরা পেছন থেকে রামদা ও গজারি লাঠি নিয়ে হামলা চালায়। তাদের পরনে লাল পোশাক ছিলো।"
ওই সময় টার্মিনাল থেকে বেশ ক'জনকে নদীতে ফেলে দেওয়া হয় দাবি করে মনির বলেন, "আমরা তাদের উদ্ধার করে সমাবেশের উদ্দেশে রওনা হই। পরে বুঝতে পারি তিনজন নেই।"
যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সালাম আজাদ সাংবাদিকদের জানান, জয়নাল (৩২) ও কামাল (২৮) নামে যুবদল ও বিএনপির দুজন নিখোঁজ রয়েছেন।
নিহত আকবর মুন্সীগঞ্জের মীর কাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম জানান, আকবর সাত ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24