২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী

নয় ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরীর প্রধান সড়ক ও অলিগলি হাঁটু পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 10:43 AM

সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয় ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরীর প্রধান সড়ক ও অলিগলি হাঁটু পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকেছে বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর জলবদ্ধতায় দুর্ভোগের শিকার হয়েছে কর্মজীবী ও শিক্ষার্থীরা। সিটি করপোরেশন বলছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নিষ্কাশন ব্যবস্থার সংস্কার কাজ শুরু হয়েছে। শেষ হলে জলাবদ্ধতা অনেকখানি নিরসন হবে। সিলেট আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ১৭৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, বৃষ্টির কারণে সিলেট নগরীর মিরা বাজার, শিবগঞ্জ, আগপাড়া, রায়নগর, বারুতখানা, ঝালোপাড়া, কাজিরবাজার, সোনারপাড়া, খরাদিপাড়া, মাছিমপুর, তেররতন, উপশহর, সাদিপুর, যতরপুর, সোবহানীঘাট, লামাপাড়া, খন্ডিকর পাড়া, হাওয়াপাড়া, সেনপাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার অনেক বাসা-বাড়িতে পানি উঠেছে। নগরীর প্রধান সড়ক ও পাড়ার রাস্তাগুলো হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবীদের গন্তব্যে পৌঁছাতে দুর্দশায় পড়তে হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়ে। নগরীর মিরা বাজারের মডেল হাইস্কুল, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ে। এসব স্কুলে পাঠদান ব্যাহত হয়। শিবগঞ্জের বাসিন্দা ইয়াকুত মিয়া বলেন, "বর্ষায় পানির সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়। বৃষ্টিকেই আমাদের যত ভয়।" মিরা বাজারের মাছুম তালুকদার জানান, সামান্য বৃষ্টি হলেই এই এলাকা জলমগ্ন হয়ে যায়। বাসা বাড়িতে পানি ওঠে। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর ১১টি ছড়া (প্রাকৃতিকর নালা) সংস্কারের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা অনেকটা কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.