ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে এক কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস 'বি' বা 'সি' ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন মিলনায়তনে 'বিশ্ব হেপাটাইটিস দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান।
অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার এবং ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
এবছর দিবসটির প্রতিপাদ্য হলো 'আমি কি নম্বর ১২?'
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, "বিশ্বে প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস 'বি' বা 'সি' ভাইরাসে আক্রান্ত। দেশে শতকরা ২ থেকে ৪ ভাগ লোক 'বি' এবং ১ থেকে ৩ ভাগ লোক 'সি' ভাইরাসে আক্রান্ত।"
'বি' বা 'সি' ভাইরাস সনাক্তকরণে দেশে তেমন ব্যবস্থা নেই জানিয়ে তিনি বলেন, এ রোগ থেকে রক্ষা পেতে সরকার গত এক বছর ধরে বিনামূল্যে এক থেকে দেড় বছরের শিশুদের প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। এতে প্রায় ৯২ ভাগ শিশু এ টিকা নিয়েছে।
আগামীতে দেশে এ ভাইরাসের প্রতিষেধক তৈরির আশা প্রকাশ করেন তিনি।
কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ লক্ষ্যে কাজ করছে। এজন্য আগামী ১২ থেকে ১৪ জুন সিঙ্গাপুরে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, হেপাটাইসিস ভাইরাসের আবিষ্কারক অধ্যাপক বুমবার্গের নামে এ বছর থেকে প্রবর্তিত বুমবার্গ বক্তৃতা দেন।
তিনি জানান, দেশে এক কোটিরও বেশি লোক হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত ।
অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার এর সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৫ কোটি লোক হেপাটাইটিস বি এবং ১৭ থেকে ২০ কোটি লোক 'সি' ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে এক কোটিরও বেশি লোক এ দুইটি ভাইরাসে আক্রান্ত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার এর সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/০০২৩ ঘ.
bdnews24