ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- ইরান, তুরস্ক ও ব্রাজিলের মধ্যে ত্রিপক্ষীয় পরমাণু চুক্তিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি ঢাকার এই সমর্থনের কথা আবারো জানান।
কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ত্রিপক্ষীয় এই চুক্তি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে বিরোধ চলছে তা নিরসনে অবদান রাখতে পারে। পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান তার কথিত শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
পরমাণু জ্বালানি বিনিময় সংক্রান্ত এই চুক্তি সোমবার স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো এর বিরোধিতা করছে।
বার্তা সংস্থা এএফপি'র খবর অনুযায়ী, এই চুক্তির আওতায় ইরান তার স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ তুরস্ককে দেবে। এর বিনিময়ে ইরানের একটি গবেষণা চুল্লির জন্য জ্বালানি সরবরাহ করবে তুরস্ক।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "তিনি (পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি) পরমাণু জ্বালানি বিনিময়ের বিষয়ে ইরান, তুরস্ক ও ব্রাজিলের মধ্যে স
bdnews24