ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি থানা ছাত্রলীগের তিন নেতা 'হত্যার হুমকি' দেওয়ার অভিযোগ এনে একই থানার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছেন।
তারা গত দুই দিনে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানায় মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে জিডি করেন। তাদের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুর-আদাবর থানা ছাত্রলীগের এই তিন নেতা হলেন- সভাপতি মেজবাহউদ্দিন (মজিবর), সাধারণ সম্পাদক আরিফুর রহমান তুহিন এবং প্রচার সম্পাদক ও ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদুল আলম খান (কাজল)।
তবে এ অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার হাবিবুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা আমাদের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মী। কেন এই অভিযোগ তারা করেছেন, আমার জানা নেই। তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। আর নবীর মতো শীর্ষ সন্ত্রাসীর সাজা হোক, তা আমিও চাই।"
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জিডির উদ্বৃতি দিয়ে বলেন,"মঙ্গলবার মোহাম্মদপুর ও আদাবর থানা ছাত্রলীগের সভাপতি মেজবাহউদ্দিন (মজিবর) বাদী হয়ে একটি জিডি করেছেন।"
তিনি জানান, জিডিতে অভিযোগ করা হয়েছে, গত ১৩ এপ্রিল ৪৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান রমিজ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে হাবিুর রহমান মিজান মোবাইল ফোনে মোহাম্মদপুর-আদাবর থানা ছাত্রলীগের সভাপতি মজিবরকে হত্যার এবং রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সেইসঙ্গে তার রাজনৈতিক সহযোগীদেরও মজিবরের সঙ্গে রাজনীতি না করতে বলা হয়। অন্যথায় রমিজের মতো পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এ কারণে মজিবর ও তার সহযোগীরা 'নিরাপত্তাহীনতায়' ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
মোহাম্মদপুর-আদাবর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান তুহিন একই ধরনের অভিযোগ এনে মঙ্গলবার আদাবর থানায় একটি জিডি করেছেন। এতে হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে সন্ত্রাসী নবীর হোসেনের (নবী) মাধ্যমে হত্যাসহ বিভিন্ন হুমকি দেয়ার অভিযোগ করা হয়।
তুহিন জিডিতে অভিযোগ করেন, মিজান ও সন্ত্রাসী নবী ভারতের আজমীর শরীফ থেকে ফোনে তার ডিশ ব্যবসা নবীর বাবা শরীফ মাতবরকে ছেড়ে দিতে বলে। কিন্তু তাতে রাজি না হওয়ায় মিজান সন্ত্রাসী নবীর পক্ষে নানাভাবে হুমকি দিয়ে বলেছে,"তুমি নবীর সাথে আপস না করায় রমিজকে হত্যা করা হয়। তোমার স্ত্রী সন্তান আছে নবীর সঙ্গে আপস করে নেও। তোমরা কেউ ওর সঙ্গে পারবে না।"
শুধু তুহিনকে নয়, তার রাজনৈতিক সহকর্মীদেরও একইভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে দাবি করা হয়।
এতে আরো বলা হয়, "সোমবার মিজান মোহাম্মদপুর-আদাবর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদুল আলম খান কাজলকে ফোন করে তুহিনের সঙ্গে রাজনীতি না করতে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এখনো ক্রস ফায়ার বন্ধ হয়নি।"
অবশ্য সোমবারই মিজানের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় একটি জিডি করেন কাজল।
জিডিতে অভিযোগ করা হয়, থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কাজ করলে সন্ত্রাসীদের গুলিতে নিহত রমিজের মতো পরিণতি হবে বলে তাকে হুমকি দেওয়া হয়েছে।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/
bdnews24