২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বাড়িতে আগুন, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে একটি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় সোমবার গভীর রাতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে একটি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় সোমবার গভীর রাতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে আগুন লাগানো হয়। এ ঘটনায় গভীর রাতে ২১ জনকে আসামি করে মামলা করা হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কেরাণীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে বিকাল সাড়ে ৪টার দিকে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে লোকজনকে মারধর এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের টিনের তিনটি ঘর সব মালামালসহ পুড়ে যায়। হামলায় আহত সিরাজ মিয়ার স্ত্রী আঙ্গুরি বেগমসহ সাতজনকে কলাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ যায় বলে তিনি দাবি করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, সিরাজ মিয়া এই ঘটনায় এলাকার রানা মোল্লা, খোয়াজ মোল্লা, তাজুল ইসলাম, শহিদুল্লাহসহ ২১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামি ইকবাল ও কাবুলকে গ্রেপ্তার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোয়ায়েন করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা আরমান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজ মিয়া তার বাসায় দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত সোমবার বিল্লাল নামে এক যুবক ওই বাসায় গেলে বাসার লোকজন তার টাকা পয়সা কেড়ে নেয়। এর জের ধরে বিল্লাল লোকজন নিয়ে হামলা করে ও আগুন লাগায়। সিরাজ মিয়া এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের কাছে দাবি করেন, গত মাসে তার তিনটি গরু বিষ খাইয়ে মারার অভিযোগে খোয়াজ মোল্লাসহ বেশ কয়েজনের বিরুদ্ধে তিনি একটি মামলা করেন। এরপর আসামিরা জামিনে বের হয়ে প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরো হামলার আশঙ্কা করছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২১৩৪ ঘ.