২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঔষধ আত্মসাত: সাবেক ৩ কর্মকর্তা কারাগারে

প্রায় দুই দশক আগে চার লাখ টাকার সরকারি ঔষধ আত্মসাতের অভিযোগে নাটোরের সাবেক সিভিল সার্জনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 10:38 AM

নাটোর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দুই দশক আগে চার লাখ টাকার সরকারি ঔষধ আত্মসাতের অভিযোগে নাটোরের সাবেক সিভিল সার্জনসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার নাটোরের দায়রা জজ আব্দুল মজিদ তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। অভিযুক্তরা হলেন- নাটোরের সাবেক সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সাবেক আবাসিক কর্মকর্তা ডা. রাজিকুল আহসান ও গুদাম রক প্রভাস কুমার ভাদুড়ী। ডা. মিজানুর রহমান ও প্রভাস কুমার অবসরে গেছেন। ডা. রাজিকুল আহসান বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের পদে কর্মরত। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯২ সালের ৩ জুন রাতে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের গুদাম থেকে চার লাখের বেশি টাকার ঔষধ খোয়া যায়। এ ঘটনায় তৎকালীন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বাদি হয়ে নাটোর সদর থানায় একটি চুরির মামলা করেন। তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিজ উদ্দিন মামলাটির চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দিয়ে আদালতকে জানান, এটি চুরির ঘটনা হতে পারে না। ঔষধগুলি সুপরিকল্পিতভাবে আত্মসাত করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন দমন কমিশন তদন্ত করেন। তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট জামাল উদ্দিন মিয়া প্রতিবেদন দেন। এতে বলা হয়, সিভিল সার্জন কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে গুদাম রক ঔষধগুলি আত্মসাত করেছেন। পরে মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম। তিনি গত এপ্রিলের শেষ দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ডা. মিজানুর রহমান, ডা. রাজিকুল আহসান ও গুদাম রক প্রভাস কুমারকে আসামি করা হয়। মঙ্গলবার ওই অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। দুপুরে আসামিরাও আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের আদেশের পর বিকালে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। ডা. মিজানুর রহমান মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, ঔষধ খোয়া যাওয়ার মাত্র কয়েকদিন আগে তিনি সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছিলেন। তিনি ওই ঘটনার কিছুই জানতেন না। ষড়যন্ত্র করে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। প্রায় ১৮ বছর আগের ওই ঘটনার পরও নাটোর সিভিল সার্জন কার্যালয় থেকে আরো দুই বার বিপুল পরিমান ঔষুধ আত্মসাতের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.