২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 05:20 AM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ঝিনাইদহ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আসাদুল (৪০) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা বলে পুলিশ দাবি করেছে। একইসঙ্গে বলেছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটি মামলা রয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার নেহালপুর গ্রামের একটি মাঠে 'বন্দুকযুদ্ধে' মারা যান আসাদুল। তিনি বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। তখন চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।" উভয় পক্ষে ১৫ থেকে ২০ মিনিট 'গোলাগুলির' পর আসাদুলের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায় বলে পুলিশ সুপার জানান। পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। চুয়াডাঙ্গা সদরের ছয়ঘড়িয়া গ্রামের আসাদুল একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, পলাতক আসাদুল মাস ছয়েক আগে নিজেই একটি বাহিনী গঠন করে সন্ত্রাস চালাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.