সাতক্ষীরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সুন্দরবনে আবারও বাঘের আক্রমনে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বনের গোলামমীর খালে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
এ নিয়ে গত পাঁচদিনে সুন্দরবনে বাঘের আক্রমনে এক মহিলাসহ মারা গেছে তিনজন। আহত হয়েছে আরও তিনজন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালি ষ্টেশনের সহকারি কর্মকর্তা উজ্জল মিয়া জানান, জেলে হরিপদ মন্ডল (৪৫) বন বিভাগের অনুমতি নিয়ে প্রতিদিনের মত সোমবার সকালে কাঁকড়া ধরার জন্য বনে যায়। সঙ্গে ছিলো তার স্ত্রী সৌরভ বালা।
দুপুরে মীরগাং নদীর গোলামমীর খালে কাঁকড়া ধরার সময় বাঘ আক্রমন করে হরিপদকে নিয়ে যায়। তার স্ত্রী লোকালয়ে ফিরে এসে খবর দিলে বনবিভাগের কর্মীরা গ্রামবাসীদের সহায়তায় বিকালে হরিপদর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে। হরিপদ শ্যামনগর উপজেলার ট্যাংরাখালি গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
বনবিভাগ সূত্র জানায়, মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাবু (১৮) ও আব্দুর রশিদের ছেলে রুবেল (২২) গত বৃহস্পতিবার সুন্দরবনের তুষখালী খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে আহত হয়।
পরদিন শুক্রবার খোলপেটুয়া নদীর বড় কেয়াখালি খালে বাঘের আক্রমনে মারা যায় জেলে ছবির উদ্দীন (৫০) এবং আহত হয় মুন্সিগঞ্জের কলবাড়িয়া এলাকার মুজিবর রহমান (৩৩)। একদিন পর রোববার দুপুরে মীরগাং নদীতে মাছ ধরার সময় নাসিমা খাতুন (৩০) নামের এক মহিলা বাঘের আক্রমনে মারা যায়।
হরিনগর ইউপি সদস্য আবু জাবের মোড়ল ও বুড়িগোয়ালিনী কলবাড়ি আশ্রয়ন প্রকল্পের সভাপতি আব্দুল ওহাব জানান, হঠাৎ করে লোকালয়ে বাঘের আনাগোনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বনবিভাগের কর্মকর্তারা গ্রামবাসীকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী, চুনকুড়ি, রমজাননগর ইউনিয়নের টেংরাখালী ও যতীন্দ্রনগর এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোদখালী এলাকায় গণসংযোগ করেছেন। এসব এলাকায় কয়েকটি দল গঠন করা হয়েছে। দলের সদস্যরা পালাক্রমে রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছে।
পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষণ (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, গত সপ্তাহ থেকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আনাগোনা দেখা যাচ্ছে। গণসংযোগের মাধ্যমে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে। বনবিভাগের কর্মী ও গ্রামবাসীদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩৩ ঘ.
bdnews24