ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তিকে শুধু শহরের বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে হবে।
সোমবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি এ সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রামের সঙ্গে শহর ও বিশ্বের সেতুবন্ধন সৃষ্টি করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসি'র চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আরো বলেন, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত জীবন গঠন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। গ্রামে বসবাসকারী জনগোষ্ঠী হবে বিশ্ব জনগোষ্ঠীর এক ও অভিন্ন সত্তা।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নয়ন আজ সারাবিশ্বকে 'গ্লোবাল ভিলেজে' পরিণত করেছে। পৃথিবীর সব মানুষকে কাছাকাছি করেছে। তথ্যের আদান-প্রদান সহজতর হয়েছে। তথ্যপ্রযুক্তির সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে হবে। তথ্যপ্রযুক্তির বিশাল জগতে গ্রামের মানুষের প্রবেশের উপযুুক্ত ক্ষেত্র তৈরি করতে হবে।
সরকারের সব কাজ তথ্যপ্রযুক্তির আওতায় এনে কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৪০৭ ঘ.
bdnews24