ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার ট্যাক্সিচালকদের মুক্তি দাবিতে শুক্রবার দুপুরে তেজগাঁও থানা অবরোধ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশ ও ট্যাক্সিচালকদের সংঘাতে এক পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে ছয় ট্যাক্সিচালককে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মুক্তি দাবিতে শুক্রবার দুপুর ১টার দিকে দুই শতাধিক ট্যাক্সিচালক তেজগাঁও থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
লাঠিপেটায় ১০ জন ট্যাক্সিচালক এবং একজন পথচারী আহত হতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী নাসিরুল ইসলাম।
ট্যাক্সিচালকরা পুলিশকে লক্ষ করে ইট নিক্ষেপ করে। তারা চলন্ত দুটি ট্যাক্সিও ভাংচুর করে।
তেজগাঁও থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে ট্যাক্সিচালকরা গ্রেপ্তার ছয় ট্যাক্সিচালকের মুক্তির দাবিতে থানার সামনে আন্দোলন শুরু করার পর তাদের লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয়েছে।"
তবে পুলিশ শুক্রবার কাউকে গ্রেপ্তার করেনি বলে তিনি জানান।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোনারগাঁও মোড়ে এক ট্রাফিক সার্জেন্ট রিকুইজিশনের জন্য একটি ট্যাক্সিক্যাবকে থামালে তা নিয়ে গোলযোগ বাঁধে।
এক পর্যায়ে ট্যাক্সিক্যাবচালকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ছয়জনকে গ্রেপ্তার এবং চারটি ট্যাক্সিক্যাব আটক করা হয়।
ট্যাক্সিক্যাব চালকদের অভিযোগ, পুলিশ সার্জেন্টের নির্দেশে ট্যাক্সিক্যাবটি একটু দূরে গিয়ে থামে। তখন সার্জেন্ট এসে চালককে মারধর ও গালাগাল করেন। এ খবরে অন্য চালকরা এসে প্রতিবাদ করলে পুলিশ তাদেরও মারধর করে।
সালাউদ্দিন নামে এক ট্যাক্সিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাফিক পুলিশ প্রতি মাসেই ২-৩ বার যানবাহন রিকুইজিশন করে। তারপর সেগুলো মাসের অর্ধেক সময় ব্যবহার করে। কোনো টাকা-পয়সা দেয় না। এতে পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়।
তদন্ত কমিটি:
বৃহস্পতিবারের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই ঘটনা নিয়ে দৈনিক মানব জমিন পত্রিকায় প্রকাশিত তিনটি আলোকচিত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছবিতে প্রকাশিত ঘটনাসহ সম্পূর্ণ বিষয়টি তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
"তদন্তে কোনো পুলিশ সদস্যের অন্যায় আচরণের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এলএইচ/এমইউএস/এজে/এমআই/১৭২৩ ঘ.
bdnews24