২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারডুবি: আরো ৭ যাত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরো সাত যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 06:17 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

কিশোরগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরো সাত যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে চার নারীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা। তিনি বলেন, এ নিয়ে নিখোঁজ ১৭ জনের সবার লাশই উদ্ধার করা হলো। কিশোরগঞ্জের বাজিতপুর থেকে শতাধিক যাত্রী ও কয়েকশ' মণ ধান নিয়ে ব্রাক্ষণবাড়িয়ার নাছিরনগরের চাতালপাড় বাজারে যাওয়ার পথে গত বুধবার ট্রলারটি ডুবে যায়। মাফিয়া খাতুন (৮), নূর চান বেগম (২৬), আব্দুল বারিক (৮০), আছমত আলী (৬০), সাহানা (১২), মনোয়ারা (২৬) ও তাকবীর (৮) এর লাশ সর্বশেষ উদ্ধার করা হয়। ওসি সুব্রত বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকমকে বলেন, "আজ (শুক্রবার) সকাল থেকে দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে নদীতে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করে স্থানীয়রা।" এর আগে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি তীরের কাছাকাছি উঠানোর পর সরকারিভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। ওই সময় ট্রলারের ভেতর থেকে নয়টি এবং বুধবার দুর্ঘটনার পরপরই এক শিশুর লাশ উদ্ধার করা হয়। বাজিতপুরের আয়নারখোপ এলাকা সংলগ্ন নদীতে ট্রলারটি ডুবে যাওয়ার পরপরই কিছু যাত্রী সাঁতরে কূলে উঠে। স্থানীয়দের তৎপরতায় বেঁচে যায় আরো কিছু যাত্রী। তবে ডুবে যায় ১৭ জন। হাওর এলাকা কিশোরগঞ্জে ট্রলার যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। গত বছরের ডিসেম্বর মাসে মিঠামইন উপজেলায় অপর এক দুর্ঘটনায় ৫৫ জন যাত্রী নিহত হয়। এর আগে ২০০৮ সানের এইদিনেই (১২ মে) নিকলী উপজেলার ঘোড়াদীগায় এক লঞ্চ দুর্ঘটনায় ৪৫ জন যাত্রী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১২ ঘ.