বাগেরহাট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলী মাতুব্বরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে বলইবুনিয়ার কুহারদহ গ্রামে এ ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাত দল নগদ এক লাখ দুই হাজার টাকা, ৩৭ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল ফোন সেট, লাইসেন্স করা একটি একনলা বন্দুক ও দুটি গুলিসহ পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় সৈয়দ আলীসহ পরিবারের তিন সদস্য আহত হয়।
এ ঘটনায় সৈয়দ আলীর ছেলে গোলাম কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ১৫-১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মোরেলগঞ্জ পুলিশ পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার রেখাখালী গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাগান থেকে পুলিশ লুট হওয়া বন্দুক, দুটি গুলি, ডাকাতদের ব্যবহৃত একটি শাবল এবং বোমা তৈরীর কিছু সরঞ্জাম উদ্ধার করে। তবে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
ডাকাতদের হামলায় আহতরা হলেন, সৈয়দ আলী (৭৫), তার স্ত্রী সখিনা বিবি (৬৫) এবং ছেলে গোলাম কুদ্দুস মাতুব্বর (৪২)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গোলাম কুদ্দুস মাতুব্বর বলেন, সোমবার দিবাগত রাত ২ টার দিকে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির দোতলায় উঠে কেলাপসেবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে তার লাইসেন্স করা বন্দুকটি আগে নিয়ে নেয়। পরে ওই বন্দুক ও অন্য আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে এবং তাকে ও তার পিতা-মাতাকে মারপিট করে জখম করে।
ডাকাতরা আলমারি ভেঙে নগদ এক লাখ দুই হাজার টাকা, ৩৭ ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচটি মোবাইল ফোনসেটসহ পনের লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নেয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। পার্শ্ববর্তী পিরোজপুর জেলা থেকে লুন্ঠিত বন্দুকটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩২ ঘ.
bdnews24