২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে গ্রেপ্তারকৃতরা ৩ দিনের রিমান্ডে

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা ছয় ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশিকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 01:16 PM

Updated : 24 Aug 2022, 09:20 PM

সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা ছয় ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশিকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিকালে পুলিশ তাদের সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চায়। শুনানি শেষ হাকিম মো. আমির উদ্দিন তিনদিনের অনুমতি দেন। আগেরদিন বিকালে জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর এলাকা থেকে এদের আটক করে বিডিআর। তাদের কাছ থেকে সামরিক উর্দির মত দেখতে ২০ সেট পোশাক, প্রায় ২২ হাজার ভারতীয় রুপি, ছয়টি মোবাইল ফোন সেট, ১০টি ভারতীয় ও ২ টি বাংলাদেশি মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়। পোশাকগুলো ভারতীয় বা বাংলাদেশি সশস্ত্র বাহিনীর উর্দির মত নয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- ভারতীয় ইন্দ্রজিৎ সিংহ (৪০), লাখপতি সিংহ (২৬), রবিন সিংহ (১৪), রংচন সিংহ (১৭), রনজিদা দেবী (২০) ও সাবনা দেবী (৩৫), মৌলভীবাজারে কমলগঞ্জের সিরাজ মিয়া (২৮) ও সিলেটের জাফলংয়ের জিতেন্দ্র (২২)। জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক জানান, ছয় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। এদের সহযোগিতা করার অভিযোগে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দুই বাংলাদেশিকে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনোজ কান্তি দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্য রহস্যজনক মনে হয়েছে। বিষয়টির তদন্ত দরকার। পুিলশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে বলে জানান তিনি। এর আগে সোমবার দুপুরে আটক আটজনকে সিলেটের পুলিশ সুপারিনটেডেন্টের (এসপি) কার্যালয়ে আনা হয়। এসপি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফল থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। ইমফলের এক ব্যক্তি একটি ব্যাগ একজন বাংলাদেশিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে দিয়েছেন। তবে তারা ধরা পড়ার আগে জানতেন না ওই ব্যাগে কি ছিল। তারা আরো জানিয়েছে, যার কাছে ব্যাগটি দেওয়ার কথা ছিল সেই বাংলাদেশিকে তারা চেনেন না। তাদের সঙ্গে ওই বাংলাদেশির একবার ফোনে যোগাযোগ হয়েছে। এরপর তারা ধরা পড়ে যান। আটককৃতরা আরো জানিয়েছেন, তারা এই প্রথম বাংলাদেশে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.