সিরাজগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আউয়াল মুসুল্লি তার ভাইপোকে অপহরণের পর খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আউয়াল মুসুল্লি ও তার কর্মচারী মো. কামাল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
গত শনিবার দুপুরে তামাই গ্রামের নিজ বাড়ি থেকে শিশু মাকসুদুল মুসুল্লিকে (৬) অপহরণ করা হয়।
রোববার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বেলকুচি থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, শিশুটির বাবা সরোয়ার মুসুল্লি বেলকুচি থানায় অভিযোগ দিলে পুলিশ প্রথমে টাঙ্গাইলের কুরমুশি গ্রাম থেকে কামালকে আটক করে। এরপর লাশ উদ্ধার করে। পরে ঢাকা থেকে আটক করা হয় চাচাকে।
কি কারণে অপহরণ ও খুন করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এ ঘটনায় বেলকুচি থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24