নরসিংদী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর ও রায়পুরা উপজেলায় শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
গুরুতর আহত অজ্ঞাতপরিচয় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বয়স ৪০ বছরের কাছাকাছি।
নিহত একজনের নাম সবুজ মিয়া (৩৫)। অপরজন ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পাঁচদোনা নামক স্থানে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নসিমনকে চাপ দিয়ে চলে যায়। এতে নসিমনটি উল্টে ঘটনাস্থলে চালক সবুজের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরোহী অজ্ঞাতপরিচয় ওই ব্যবসায়ী।
তিনি জানান, সবুজ ওই ব্যবসায়ীকে নিয়ে নরসিংদী থেকে পান আনার জন্য মাধবদী যাচ্ছিলেন।
রায়পুরা থানার ওসি এমদাদ হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুকুরমারা নামক স্থানে সকাল ৭টার দিকে যাত্রীবাহী একটি বাস অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এর আগের দিন শুক্রবার নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় জেলা যুবলীগের এক নেতাসহ তিনজনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২০৮ ঘ.
bdnews24