ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট আহ্বানকারী এবং এর বিরোধিতাকারী নৌশ্রমিকদের মধ্যে ঢাকার সদরঘাটে সংঘর্ষ হয়েছে।
ধর্মঘটের সমর্থনে নৌযান শ্রমিক ফেডারেশন শুক্রবার সকালে মিছিল বের করে। তারা অভিযোগ করেছে, সরকার সমর্থক নৌযান শ্রমিক লীগ ও পুলিশ তাদের ওপর হামলা চলায়। তবে এর উল্টো বক্তব্য দিয়েছে শ্রমিক লীগ নেতারা।
এদিকে সংঘর্ষের পর সদরঘাটে থাকা লঞ্চগুলো সব নদীর ওপারে চলে গেছে। ফলে বিকালে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো ছাড়বে কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। তবে নতুন কাঠামোয় আপত্তি জানিয়ে শুক্রবার রাত থেকে ধর্মঘটের ডাক দেয় ফেডারেশন। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও তারা কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
ফেডারেশনের সহসভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে সদরঘাটের সামনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে সরকারদলীয় লোকজন এবং পুলিশ হামলা চালায়।"
হামলায় ফেডারেশনের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে নৌযান শ্রমিক লীগের সভাপতি সভাপতি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বাড়ানোর পরও নৌযান শ্রমিকরা মিছিল করেছে। তারা বিনা উস্কানিতে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালায়।
এ বিষয়ে সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক বলেন, একটি মিছিল বের হলে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশ লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
সদরঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মাহতাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে সদরঘাটে নৌচলাচল ছিলো স্বাভাবিক। তবে সংঘর্ষ বাঁধার পর দক্ষিণাঞ্চলগামী বড় লঞ্চগুলো ঘাট ছেড়ে অন্য স্থানে সরে গেছে।
সকাল থেকে চাঁদপুরসহ নিকট গন্তব্যে ১১টি লঞ্চ ছেড়ে গেছে বলে জানান তিনি।
দুপুর দেড়টার পর থেকে বরিশাল, পটুয়াখালীসহ দূর গন্তব্যের লঞ্চগুলো ছাড়ার কথা থাকলেও সেগুলো ছাড়বে কি না, তা নিশ্চিত করতে পারেনি মাহতাব।
নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা শাহ আলম বলেন, "আমাদের ওপর হামলা হয়েছে। এ অবস্থায় নিরাপত্তার ব্যবস্থা ছাড়া কোনো লঞ্চ ছাড়বে না।"
নতুন মজুরি কাঠামোর দাবিতে নৌ শ্রমিকরা নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে কয়েক মাস ধরে আন্দোলন-ধর্মঘট চালিয়ে আসছিলো। গত ১৫ তারা ধর্মঘটও শুরু করে। গত ১৮ মার্চ শ্রমমন্ত্রীর বাড়িতে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়।
ফেডারেশন নতুন কাঠামোর বিরোধিতা করলেও জাহাজী শ্রমিক ফেডারেশনসহ নৌশ্রমিকদের অন্য সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে।
নৌমন্ত্রী শাহজাহান খান মজুরি কাঠামো ঘোষণা করে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এরপরও যারা আন্দোলন করবে শ্রমিকরাই তাদের বিচার করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24