শেরপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি চালিত অটোটেম্পো চালকদের সঙ্গে বিরোধের জেরে মঙ্গলবার বিকাল থেকে অভ্যন্তরীণ ১২টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত রেখেছে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের সিএনসি চালিত অটোটেম্পো, ভটভটি, নছিমন, করিমন ও ট্রাকযোগে যাতায়াত করতে হরচ্ছ।
শ্রমিক ইউনিয়ন ও পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল শহরের নৌহাটা মোড়ে যাত্রী ওঠানামা নিয়ে বাস শ্রমিক ও সিএনজি অটোটেম্পো চালকদের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এর প্রতিবাদে বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দিলে জেলা ও পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসার জন্য তিনদিন সময় চায়। ওই সময় শেষ হয়ে যায় গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার)।
এরপর কোনো ঘোষণা না দিয়েই মঙ্গলবার বিকালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তাৎক্ষণিক জেলার অভ্যন্তরীণ ১২টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, "জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বাস দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাস ধর্মঘটের কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি।"
শ্রমিকদের স্বার্থে জেলা প্রশাসন কি করে তা দেখে বাস ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইকবাল শফি বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাস শ্রমিক, মালিক ও সিএনজি চালিত অটোটেম্পো চালকদের নিয়ে বৈঠকে বিষয়টি নিরসনের পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24