ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের মজুরি ৫০ থেকে ৬০ শতাংশ বাড়ানোর বিষয়ে ত্রিপক্ষীয় এক বৈঠকে সমঝোতা হয়েছে। তবে এতে অংশ নেয়নি নৌযান শ্রমিক ফেডারেশন।
বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৈঠকে নতুন মজুরি কাঠামো নিয়ে মতৈক্য হয়েছে জানিয়ে অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল এবং জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, এ বিষয়ে বৃহস্পতিবার শ্রম পরিদপ্তরে আবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নতুন মজুরি কাঠামোর দাবিতে নৌ শ্রমিকরা কয়েক মাস ধরে আন্দোলন-ধর্মঘট চালিয়ে আসছিলো। গত ১৮ মার্চ শ্রমমন্ত্রীর বাড়িতে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়।
নৌযান শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মজুরি কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
বুধবারের বৈঠকে না থাকার বিষয়ে যোগাযোগ করা হলে নৌযান শ্রমিক ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল ইসলাম জানান, তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
বৈঠকের সমঝোতা মেনে নেবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, "আমাদের বাদ দিয়ে সরকার যদি এককভাবে কিছু করে, তা করতেই পারে। তবে ওই সিদ্ধান্ত শ্রমিকরা মানবে কিনা, তা সময়ই বলে দেবে।
কমপক্ষে ৩০০ শতাংশ মজুরি বাড়ানোর দাবি তুলে ধরে আশিকুল বলেন, বৃহস্পতিবারের বৈঠকের পরই পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে।
দাবি পূরণ না হলে সারাদেশে পুনরায় নৌ-ধর্মঘট শুরুর আভাস দেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া শ্রমিকদের সংগঠন জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর আশা করছেন, সমঝোতার ভিত্তিতে যে মজুরি কাঠামো তৈরি করা হয়েছে, তা সবার কাছেই গ্রহণযোগ্য হবে।
নাম উল্লেখ না করে নৌযান শ্রমিক ফেডারেশনের দিকে ইঙ্গিত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি অংশ এ আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমঝোতার উদ্যোগকে পাশ কাটিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এরা একবারেই শ্রমিকদের বেতন ৩০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু এ বিষয়ে পরবর্তীতে কোনো বিকল্প প্রস্তাব না দিয়ে হঠকারী পথ বেছে নেয়।"
বুধবারের বৈঠকে শ্রেণীভেদে শ্রমিকদের ন্যুনতম মজুরি ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে মতৈক্য হয় বলে মালিক ও শ্রমিক পক্ষই উভয় পক্ষের নেতারা জানান। এছাড়া শ্রেণীভেদে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দায়িত্ব ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।
মালিক সমিতির নেতা বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে নৌ-পরিবহন খাতের প্রায় প্রতিটি খাতের শ্রমিকদের জন্য পৃথক পৃথক কাঠামো তৈরি করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার শ্রম পরিদপ্তরের বৈঠকে এটি চূড়ান্ত হলে নতুন মজুরি কাঠামো গেজেট আকারে প্রকাশের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের পাঠানো হবে।
বাদল ও শুক্কুর উভয়ই জানান, সরকার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করলে নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘট ডাকলেও তারা নৌযান চালিয়ে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২০ ঘ.
bdnews24