২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ট্রেনের সংঘর্ষে আহত ২০

ময়মনসিংহ রেল জংশনে মঙ্গলবার ভোরে দু'টি ট্রেনের সংঘর্ষে চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

ময়মনসিংহ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ রেল জংশনে মঙ্গলবার ভোরে দু'টি ট্রেনের সংঘর্ষে চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে। সংঘর্ষে রেললাইনের প্রায় ৫০ ফুট অংশ এবং একটি ট্রেনের ইঞ্জিন ও অপরটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জংশনের সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ভাওয়াল ৫৬ ডাউন মেইল ট্রেনটি ভোর ৪-২০ মিনিটে স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা জারিয়াগামী ২৭৫ আপ ট্রেনকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ৫৬ ডাউন ট্রেনটির আব্দুল বাসেদ ও সহকারী চালক সবুজ হাসানসহ ২০ যাত্রী আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার সময় জারিয়াগামী ট্রেনে যাত্রী ছিল না। এর তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। নজরুল আরো জানান, সংকেত না দেওয়া সত্বেও ৫৬ ডাউন মেইল ট্রেনটি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্টেশনে প্রবেশ করে। গতি বেশি থাকায় চালক ট্রেনটি থামাতে পারেননি। দুপুরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই চালককে দেখতে যান। তিনি সাংবাদিকদের জানান, দু-একদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ডিইএন) সুবক্তগীন, বিভাগীয় প্রকৌশলী (ডিএমই, লোকো) মো. আরিফ, বিভাগীয় সংকেত ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী (ডিএসটিই) বেণু রঞ্জন সরকার ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএমও) ডা. গৌর গোপাল সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.