ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থানার ওসি বিরুদ্ধে একটি মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।
ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন ওই থানা এলাকার পশ্চিম মনিপুরের বাসিন্দা মো. মঞ্জুরুল ইসলাম।
তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন।
মামলায় ওসি মো. জাকির হোসেন মোল্লা ছাড়াও মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ এবং মো. বকরকেও আসামি করা হয়।
মহানগর হাকিম একেএম এমদাদুল হক বাদির বক্তব্য শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
বাদির অভিযোগ, কতিপয় সন্ত্রাসী তাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীদের ঠেকাতে তিনি ওসিকে ঘুষও দিয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা আরো বেশি টাকা দিয়ে ওসিকে বশ করে।
সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় গত ২৫ এপ্রিল বাদির বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
মঞ্জুরুল জানান, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি ইতিপূর্বে নির্বাহী হাকিমের আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ওসিকে নির্দেশ দেয়।
এ বিষয়ে ওসি জাকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি জমি নিয়ে মঞ্জুরুলের সঙ্গে অন্য একটি পক্ষের বিরোধ চলছে। কিন্তু কোনো ধরনের দলিলপত্র ছাড়াই মঞ্জুরুল জমির দখল নিতে গেলে পুলিশ বাধা দেয়।"
মঞ্জুরুলের প্রতিপক্ষ জমির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে বলে জাকির জানান।
জমি দখল করতে না পেরে হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে বলে ওসি জাকির দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআইটি/জেবি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24