টাঙ্গাইল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলে সরকার সমর্থক যুবলীগ ও কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
যুবলীগের কর্মীরা কৃষক শ্রমিক জনতালীগের নেতা কাদের সিদ্দিকীর গাড়ি ভাংচুর করেছে।
যুবলীগের নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর গাড়িবহরে হামলার পর সংঘর্ষের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ বলছে, কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীরা যুবলীগের সমাবেশ হামলা করলে এ ঘটনা ঘটে।
শুক্রবার ভুঞাপুর উপজেলার গোবিন্দদাসী ইউনিয়নের মাটিকাটা মোড়ে এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে দৈনিক কালের কন্ঠ পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাকসহ আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অন্যদের নাম জানা যায়নি।
স্থানীয় সাংবাদিকরা জানান, গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগ মাটিকাটা মোড়ে সভা আহবান করে। এর অদূরে কাদের সিদ্দিকীর মালিকানাধীন সোনার বাংলা প্রকৌশল সংস্থার ডকইয়ার্ডে মিলাদ মাহফিল ছিল।
বিকেল ৫টার দিকে কাদের সিদ্দিকী ১০/১২টি মোটর সাইকেল ও কয়েকটি গাড়ির বহর নিয়ে সেখানে যাচ্ছিলেন। যুবলীগের সভাস্থল অতিক্রম করার সময় যুবলীগ কর্মীরা পথ আটকে স্লোগান দিতে শুরু করে।
এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় যুবলীগ কর্মীরা কাদের সিদ্দিকীর গাড়ি বহরে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
ভূঞাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, কাদের সিদ্দিকীর কিছু লোক যুবলীগের সমাবেশে হামলা চালানোর পর এ ঘটনা ঘটে।
১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24