চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কৃষককে শুক্রবার সকালে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
অপহৃত কৃষক হলেন- মনাকষা ইউনিয়নের তারাপুর-সাহাপাড়া গ্রামের সাকিব মিয়া (৪৫)।
বিএসএস সদস্যরা অনুপ্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় বলে বিডিআর জানিয়েছে। সাকিব তখন মাঠে কাজ করছিলেন।
৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএসএফের মালদহ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের এক'শ গজ ভিতরে ঢুকে সাকিব মিয়াকে ধরে নিয়ে যায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সাকিবকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বিডিআর জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24