ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় দুর্নীতি মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনে আগামী ১৮ মে রায় হবে।
বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকির বেঞ্চ উভয়পক্ষের শুনানি গ্রহণ শেষে রায়ের এ তারিখ ঠিক করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের দুর্নীতির সাতটি মামলা এর আগে বাতিল করে হাইকোর্ট।
আদালতে শেখ হাসিনার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মেহেদী হাসান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ১৮ মে শেখ হাসিনার মামলা বাতিলের আবেদনের ওপর রায় দেওয়ার তারিখ ধার্য করেছে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০২ সালের ৭ আগস্ট শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় তাদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে ফ্রিগেট কেনায় রাষ্ট্রের ৪৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
২০০৩ সালের ৩ আগস্ট মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ১৮ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ২২ এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ মামলা দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা এবং মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিল করেছে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/১৪০০ ঘ.
bdnews24