ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়েও বাঁচতে পারেননি জনি হোসেন মানিক।
বুধবার দুপুরে ঢাকার জজ আদালতে এ ঘটনা ঘটেছে। মানিককে পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলায় খোঁজা হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।
দুপুর ১২টার দিকে হঠাৎ আদালত ভবনের দোতলা থেকে লাফিয়ে পড়েন মানিক। সঙ্গে সঙ্গে তার পিছু নেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
জনি নিচে নেমে পালানোর সময় শোরগোল শুনে আদালত প্রাঙ্গণে থাকা মোহাম্মদ মঞ্জু নামে এক গাড়িচালক ল্যাং মেরে তাকে ফেলে দেয়। এরপর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আদালতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এএসআই সুরুজ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক একটি মামলায় ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত জজ আদালতে হাজিরা দিতে এসেছিলো।
"কিন্তু এসআই গৌতম হত্যামামলায় ডিবি তাকে গ্রেপ্তার করবে আঁচ পেয়েই সে পালাতে চেয়েছিলো।"
গৌতম হত্যামামলায় গ্রেপ্তার আহমদ আলী হায়দার হাদি আদালতে দেওয়া জবানবন্দিতে ওই ঘটনায় জনির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
গত ২০ এপ্রিল সূত্রাপুরে গুলিতে নিহত হন বংশাল থানার উপরিদর্শক গৌতম রায়। তার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪০ ঘ.
bdnews24