কামরান রেজা চৌধুরী
থিম্পু থেকে
থিম্পু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৬ তম শীর্ষ সম্মেলন বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হচ্ছে। এ বছর সার্কের রজত জয়ন্তী।
১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ভুটান সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। ১৯৮৫ সালে ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবার শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- জলবায়ু পরিবর্তন। এ সম্মেলনের মধ্য দিয়ে ভুটান ৮-জাতি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানী দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ইওসার থিনলি।
এছাড়া সম্মেলন শেষে থিম্পু ঘোষণায় জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি সার্ক বিবৃতি গৃহীত হবে।
সমালোচকদের মতে, আঞ্চলিক এ ফোরাম দক্ষিণ এশিয়ার দেড়শ' কেটি মানুষের আশা-আকাঙ্খা অনুযায়ী অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।
সার্ক সম্পর্কে সদস্য দেশগুলোর ধারণা হচ্ছে, এই ফোরামে শুধু কথামালার ছড়াছড়ি। কাজের কাজ কিছুই হয় না। কারণ সার্কের ইতোপূর্বেকার অধিকাংশ সিদ্ধান্তই বাস্তবায়িত হয়নি।
ভুটানি পররাষ্ট্র সচিব ড পেনজো রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্ক শীর্ষ সম্মেলন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের মুখোমুখী মিলিত হবার সুযোগ করে দেয়। যেখানে সংবাদ মাধ্যম ও আমলাদের উপস্থিতি থাকে না।"
তিনি বলেন, শীর্ষ নেতাদের মুখোমুখী আলোচনা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্খা অনুযায়ী ২৫ বছরের একটি রূপরেখা প্রণয়ন করবে।
এদিকে সার্ক পররাষ্ট্রমন্ত্রীরা এবারের সম্মেলনে অনুমোদনের জন্য দুটি চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন। চুক্তি দুটি হচ্ছে- কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রনমেন্ট এবং কনভেনশন অন ট্রেড ইন সার্ভিসেস।
সার্কের কাউন্সিল অব মিনিস্টারস এবং স্ট্যান্ডিং কমিটি থিম্পু ঘোষণা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক থিম্পু বিবৃতি প্রস্তুত করেছে।
এবারের সম্মেলনে সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ে সার্কের অভিন্ন অবস্থান ঘোষণা করবে। যদিও থিম্পু ঘোষণায় আইনি বাধ্যবাধকতার আওতায় গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণে কোনো টেক্সট অন্তর্ভুক্ত থাকবে না।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের প্রস্তব অনুযায়ী সার্ক সদস্য দেশগুলোতে গণতন্ত্র বিকাশের লক্ষ্যে 'গণতন্ত্রের জন্য সার্ক সনদ' থিম্পু ঘোষণায় অন্তর্ভুক্ত করা হবে।
এবারের সম্মেলনে সার্ক উন্নয়ন তহবিলের সদরদপ্তর উদ্বোধন করা হবে থিম্পুতে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়া সদস্য দেশগুলোর সরকার বা রাষ্ট্র প্রধানরা ইতোমধ্যে থিম্পু পৌঁছেছেন। মনমোহন সিং বুধবার সকালে থিম্পু পৌঁছাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে তিনদিন থিম্পুতে অবস্থানকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সার্ক দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বুধবার থিম্পু গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে ষোড়শ সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন।
শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং ভুটানের রাজা জিগমে খেমার নামইয়েন ওয়াংচুকের সঙ্গে সাক্ষাত করবেন।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন - পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
আগামী ৩০ এপ্রিল শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এইচএ/০১৫০ ঘ.
bdnews24