ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও স্মরণ সভা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক শেরে বাংলা এ কে ফজলুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মঙ্গলবার সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপর শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ বিশ্ব বাঙালি সম্মেলন সমাধিস্থলের বাইরের চত্বরে ছোট পরিসরে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি কবি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর ও ওবায়দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।
আরেফিন সিদ্দিক বলেন, তিনি (শেরে বাংলা) মনে প্রাণে বিশ্বাস করতেন- জাতি গঠনে শিক্ষা অপরিহার্য। প্রাথমিক শিক্ষার ওপরই নির্ভর করে জাতির ভবিষ্যত।
আলমগীর বলেন, তিনি এ অঞ্চলের শিক্ষা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনতে চেয়েছিলেন। প্রত্যেকটি খাতেই ইতিবাচক পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।
"শেরে বাংলা আমাদের মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শিখিয়েছিলেন। আমরা তাদের ভুলে যাচ্ছি", বলেন কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24