ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং চার নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের বাক্তার চর এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১০ বিঘার ওই জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ওই এলাকার মো. শাহজালাল ও আব্দুর রবের সমর্থকদের।
জমির দখল নিয়েই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে।
নিহতের নাম আয়নাল হক (৫৫)। টেটায় তার পেটে টেটাবিদ্ধ হয়। আহতদের মধ্যে দুজন টেটাবিদ্ধ এবং অন্যদের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আহতদের মধ্যে আমজাদ সরকার (৩৫), নজরুল (৪৫), মাহতাবউদ্দিন (২৯), মহসিন (২৬), সবুজান (২২), আলেয়া বেগম (৫০), তাজুল (২৬), মাসুদা বেগম (৪৫), আনোয়ার হোসেন (৩৫), জাহিদুল ২৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন রুফিজা বেগম (৪০) ও আক্তার হোসেন (৩৫)।
তাজুল ও মসসিন টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আছেন।
শাহজালালের সমর্থক রুফিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই জমি তাদের পৈত্রিক সম্পত্তি । ২০০১ সালে বিএনপির ক্ষমতায় যাওয়ার পর রব তার লোকজন নিয়ে তা দখল করে।
তবে এর বিপরীত কথা বলেন, রবের সমর্থক আব্দুল হান্নান।
তার বক্তব্য, তাদের এ সম্পত্তি ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহজালের লোকজন দখল করে।
সংঘর্ষের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয়রা জানায়।
বংশালে দোকানকর্মীর লাশ
পুরান ঢাকার বংশালে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ মনে করছে।
নিহতের নাম গণেশ দে (৫২)। তিনি তাঁতিবাজারের বিকি জুয়েলার্সে কাজ করতেন।
শুক্রবার সকালে লুৎফর রহমান লেনে দুটি ভবনের মধ্যের একটি অন্ধকারাচ্ছন্ন স্থানে চট ও পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায় বলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ প্রধান জানিয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে নিয়ে যায়। সেখানে লাশ সনাক্ত করেন গণেরশের ভাইয়ের ছেলে খোকন দে।
গণেশ থাকতেন শাখারীবাজার এলাকায়। তার দুটি সন্তান রয়েছে বলে খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিকি জুয়েলার্সের মালিক পুটু ঘোষ বলেন, গণেশ খুব নিরীহ প্রকৃতির ছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধের পর গণেশ বাড়ির পথে রওনা হন।
পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, গণেশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এটা একটি হত্যাকাণ্ড তা সুস্পষ্ট।
হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24